পিএসএলের ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত এই একাদশের নেতৃত্বে রয়েছেন পেশোয়ার জালমিকে শিরোপা জেতানো বাবর আজম। প্রতিবেদন জিও সুপারের। টুর্নামেন্টের সেরা একাদশে চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি ও রানার্স আপ হায়দরাবাদ কিংসম্যান থেকে তিনজন করে, লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড থেকে দু’জন করে এবং মুলতান সুলতানস থেকে একজন জায়গা পেয়েছেন। এ ছাড়া কোয়েটা গ্ল্যাডিয়েটরস থেকে একজন খেলোয়াড় ১২তম খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েছেন। খেলোয়াড় হিসেবে তৃতীয় এবং অধিনায়ক হিসেবে প্রথম পিএসএল শিরোপা জিতেছেন বাবর। এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ ৫৮৮ রান করেন তিনি। ওপেনিংয়ে নেমে তিনি হানিফ মোহাম্মদ ক্যাপ জেতেন এবং ২০২২ সালে ফখর জামানের করা এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড স্পর্শ করেন। টুর্নামেন্টে কোয়েটা গ্ল্যাডিয়েটরস ও ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে তার দুটি সেঞ্চুরি ছিল। পেশোয়ার জালমির হয়ে কুশল মেন্ডিস ও সুফিয়ান মুকিমও একাদশে জায়গা পান। মেন্ডিস ৫৫০ রান করেন, যার মধ্যে চারটি হাফ-সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি রয়েছে। উইকেটের পেছনে তিনি আটটি ডিসমিসালও করেন। অন্যদিকে বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম ২২টি উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ও সেরা বোলারের পুরস্কার জেতেন। হায়দরাবাদ কিংসম্যানের হয়ে উসমান খান, হাসান খান ও হুনাইন শাহ নির্বাচিত হয়েছেন। উসমান ৩৮৯ রান করে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। হাসান ব্যাট হাতে ১৩৯ রান করার পাশাপাশি ছয়টি উইকেট নেন। হুনাইন শাহ ১০ ম্যাচে ১৭টি উইকেট নিয়ে দলের গুরুত্বপূর্ণ বোলার হিসেবে নিজের জায়গা পোক্ত করেন। লাহোর কালান্দার্সের ফখর জামান ও শাহিন শাহ আফ্রিদিও দলে আছেন। ফখর ৪০১ রান করে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন এবং শাহিন ১৬টি উইকেট নেন। মুলতান সুলতানসের শান মাসুদ ৩৬৭ রান করে দলে জায়গা করে নেন। ইসলামাবাদ ইউনাইটেডের অধিনায়ক শাদাব খান ১৭৩ রান ও ১৭ উইকেট নিয়ে সেরা অলরাউন্ডারের পুরস্কার জিতে জায়গা করে নেন। তার সতীর্থ রিচার্ড গ্লিসন ১২টি উইকেট নিয়ে নতুন বলে কার্যকর পারফরম্যান্সের জন্য নির্বাচিত হন। আর কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হাসান নওয়াজ ২৯১ রান করে ১২তম খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছেন।
পিএসএল ১১তম আসরের টিম অব দ্য টুর্নামেন্ট:
বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), শান মাসুদ, উসমান খান, শাদাব খান, হাসান খান, শাহিন শাহ আফ্রিদি, হুনাইন শাহ, সুফিয়ান মুকিম ও রিচার্ড গ্লিসন। ১২তম খেলোয়াড়: হাসান নওয়াজ।