ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা আঘাতের দাবি করেছে তেহরান। জর্ডানে দুটি মার্কিন বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে সমন্বিত হামলা চালানোর কথা জানিয়েছে দেশটি। হামলায় বিমানঘাঁটি দুটির বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে ইরান।
বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সোমবার (৩১ আগস্ট) ভোরে এই পাল্টা হামলা চালানোর দাবি করেছে।
আইআরজিসির মহাকাশ বাহিনী জানিয়েছে, জর্ডানের কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটিতে হামলা চালানো হয়। এসব হামলায় বিমানঘাঁটির কারিগরি ও রক্ষণাবেক্ষণ অবকাঠামো এবং যুদ্ধবিমান রাখার এলাকাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে বলেও দাবি করেছে ইরানি বাহিনী।
ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে আরও কোনো হামলা হলে তার জবাব আরও কঠোর হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।
এর আগে রোববার (৩০ আগস্ট) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের লারাক দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায়। মার্কিন এক কর্মকর্তা অ্যাক্সিওসকে এ তথ্য জানিয়েছেন। জুলাইয়ের শেষের পর ইরানের ভূখণ্ডে এটিই ছিল যুক্তরাষ্ট্রের প্রথম হামলা বলে জানা গেছে।
মার্কিন কর্মকর্তাদের দাবি, হরমুজ প্রণালিতে সমুদ্র-মাইন বহনকারী রকেট ছোড়ার প্রস্তুতি নিচ্ছিল এমন কিছু ব্যবস্থাকে ওই হামলায় লক্ষ্য করা হয়।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস জানিয়েছে, মার্কিন হামলায় তাদের কয়েকজন যোদ্ধা ও বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন। এর জবাব দেওয়ার অঙ্গীকারও করেছিল তারা।
ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলায় ড্রোনও ব্যবহার করা হয়ে থাকতে পারে।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তেহরান ও ওয়াশিংটনের উত্তেজনা তীব্র রয়েছে। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় গত জুনে দুই পক্ষ একটি সমঝোতার কাঠামোতে পৌঁছালেও বিরোধ পুরোপুরি থামেনি।
হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে বিরোধের জেরে জুলাইয়ে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় টানা দুই সপ্তাহ বোমা হামলা চালায় এবং নৌ অবরোধও পুনর্বহাল করে। সর্বশেষ পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।