বাংলাদেশের বিলিয়ন ডলারের বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া সাম্প্রতিক চুক্তিকে তিনি ‘অসাধারণ চুক্তি’ হিসেবে উল্লেখ করেছেন।
রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সার্জিও গোর এ মন্তব্য করেন। একই পোস্টে তিনি ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক কর্মকাণ্ডেরও প্রশংসা করেন।
গোর লিখেছেন, চলতি সপ্তাহে ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। তাঁর দাবি, এই চুক্তির আওতায় বাংলাদেশ বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে।
ট্রাম্পের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রশংসা করে মার্কিন এই কূটনীতিক বলেন, কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট। তাঁর মতে, ট্রাম্প উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি, বিপুল বিনিয়োগ আকর্ষণ এবং মার্কিন অর্থনীতিকে আরও গতিশীল করতে কাজ করে যাচ্ছেন।
সার্জিও গোর বর্তমানে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এর আগে গত ৩০ জুলাই তিন দিনের সফরে ঢাকায় এসেছিলেন গোর। সে সময় বাংলাদেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি।