পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববী-এর প্রধান ইমাম শায়খ ডক্টর আবদুর রহমান আল-সুদাইস বলেছেন, সরকারি অনুমতি (পারমিট) ছাড়া হজ পালন করা ইসলামী শরিয়াহ অনুযায়ী বৈধ নয়।

সৌদি প্রেস এজেন্সি-তে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, পারমিট ছাড়া হজ নয়—এই নীতিটি শরিয়াহর মৌলিক উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি ব্যাখ্যা করেন, ইসলামে উপকার সাধন ও ক্ষতি প্রতিরোধকে গুরুত্ব দেওয়া হয়েছে, আর হজের জন্য পারমিট ব্যবস্থা চালু করাও এই লক্ষ্য পূরণ করে।

তিনি জানান, হজের পারমিট ব্যবস্থা চালুর উদ্দেশ্য হলো হাজিদের নিরাপত্তা নিশ্চিত করা, অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করা এবং পবিত্র ইবাদতের সময় শৃঙ্খলা বজায় রাখা। তার মতে, এই নিয়ম মেনে চলা আল্লাহর ইবাদতের প্রতি সম্মান এবং ধর্মীয় শৃঙ্খলার প্রতিফলন।

শেখ সুদাইস সতর্ক করে বলেন, এই নিয়ম ভঙ্গ করলে নিজের এবং অন্যদের ক্ষতির কারণ হতে পারে, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ।

তিনি আরও বলেন, পারমিট ব্যবস্থা ইবাদতকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে সহায়তা করে।

সবশেষে তিনি হজে আগ্রহী মুসল্লিদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান এবং হজ ব্যবস্থাপনায় সৌদি নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন।

তিনি বলেন, হজের পারমিট নেওয়া শুধু প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং এটি ইসলামী বিধান অনুযায়ী একটি ধর্মীয় দায়িত্ব।

সূত্র : ইসলামিক ইনফরমেশন