ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক ও বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যু হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে রামপুরহাটে একটি দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, রামপুরহাটের পাঁচ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়ায় নিজের বাড়ির পাশের দলীয় কার্যালয় থেকে আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। তার মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের পাঁচবারের বিধায়ক ছিলেন। ২০০১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ওই আসনের প্রতিনিধিত্ব করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভায়ও বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন এই তৃণমূল নেতা।
তিনি পশ্চিমবঙ্গের সাবেক স্কুলশিক্ষামন্ত্রী ও কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার পদেও দায়িত্ব পালন করেন আশিস বন্দ্যোপাধ্যায়।
পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।