পশ্চিমবঙ্গে মাদরাসাগুলোর কার্যক্রম যাচাই করতে গিয়ে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি আরও ১০০টি মাদরাসাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অনুমোদন ও প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের সংখ্যালঘু বিষয়কমন্ত্রী ক্ষুদিরাম টুডু। সূত্র: এনডিটিভি।
রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, বন্ধের নোটিশ পাওয়া ২৫২টি মাদরাসার মধ্যে মালদহে ৪৪টি, উত্তর দিনাজপুরে ৩৭টি, দক্ষিণ ২৪ পরগনায় ৩২টি এবং নদিয়া ও মুর্শিদাবাদে ২৫টি করে মাদরাসা রয়েছে।
কারণ দর্শানোর নোটিশ পাওয়া মাদরাসাগুলোকে বৈধ অনুমোদন ও প্রয়োজনীয় নথি দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বৈধ অনুমোদনের প্রমাণ দিতে না পারলে সেগুলোও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
রাজ্যে স্বীকৃত ও অননুমোদিত মাদরাসার প্রকৃত সংখ্যা জানতে জুন মাসে রাজ্যজুড়ে সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর সংখ্যালঘু বিষয়ক ও মাদরাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে কলকাতাসহ রাজ্যের ২২টি জেলায় সমীক্ষা চালানো হয়।
সমীক্ষায় মাদরাসাগুলোর পরিচালন ব্যবস্থা, শিক্ষার্থীদের ভর্তি ও উপস্থিতি, অর্থের উৎস এবং নিবন্ধনের মতো বিষয় খতিয়ে দেখা হয়।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে পশ্চিমবঙ্গে বৈধ অনুমোদন নিয়ে ২ হাজার ১৩২টি মাদরাসা চলছে। অন্যদিকে অনুমোদনহীন মাদরাসার সংখ্যা ২ হাজার ৩৯৬টি।
সরকারের দাবি, সমীক্ষায় পাওয়া তথ্যের ভিত্তিতেই প্রথম ধাপে ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আরও ১০০টি প্রতিষ্ঠানে গুরুতর অনিয়মের অভিযোগ পাওয়ায় তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।