কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ভয়াবহ ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলায় একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলায় বিমানবন্দরের একটি টার্মিনালসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন ও বেসামরিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো নৃশংস ও চলমান হামলার’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

বিবৃতিতে বলা হয়, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনালসহ বেসামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো এই হামলায় একজন নিহত হয়েছেন, কয়েকজন আহত হয়েছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে কূটনৈতিক মিশন ও দূতাবাস-সংক্রান্ত কিছু স্থাপনাও রয়েছে।

কুয়েত আরও জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে এই ধরনের হামলার জবাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং প্রতিক্রিয়া জানানোর ‘পূর্ণ ও স্বাভাবিক অধিকার’ তাদের রয়েছে।

বিবৃতিতে ইরানের বিরুদ্ধে ‘পুনরাবৃত্ত ও নিন্দনীয় আগ্রাসন’ চালানোর অভিযোগও আনা হয়েছে।

সূত্র: আল-জাজিরা