যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কর্মসংস্থান নীতিতে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে এইচ-১বিসহ বিভিন্ন দক্ষ কর্মী ও প্রবাসীদের চাকরি হারানোর পর দেশটিতে অবস্থানের জন্য প্রচলিত ৬০ দিনের অনুগ্রসর সময়সীমা বা গ্রেস পিরিয়ড বাতিলের প্রস্তাব এবং বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের পর্যটক ও ব্যবসায়িক ভিসার জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড বাধ্যতামূলক করার নতুন নিয়ম অন্যতম।
বর্তমানে কোনো কর্মী কাজ হারালে নতুন নিয়োগকর্তা খুঁজে নেওয়া বা আইনি অবস্থান বজায় রাখার জন্য কিছুটা সময় পেয়ে থাকেন। ২০১৭ সালে চালুকৃত এই ব্যবস্থার মাধ্যমে অ-অভিবাসী ক্যাটাগরির ভিসাধারীরা ৬০ দিনের বিশেষ সুযোগ পেতেন। প্রস্তাবিত পরিমার্জনটি বাস্তবায়িত হলে এই অতিরিক্ত সময় পাওয়ার নিয়মটি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। চাকরি হারালে এইচ-১বি, এল-১ ও অন্যান্য দক্ষ কর্মীরা নতুন চাকরি খোঁজা বা স্ট্যাটাস পরিবর্তনের জন্য যে ৬০ দিন বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পেতেন, প্রস্তাবিত নিয়মে তা তুলে দেওয়ার পরিকল্পনা চলছে। নতুন এই নীতি চূড়ান্ত হলে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে চাকরি হারালে কর্মীদের তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে।
বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য ট্যুরিস্ট বা বিজনেস ভিসায় (বি১/বি২) অতিরিক্ত ওভারস্টে কমানোর লক্ষ্যে সর্বোচ্চ ২০,০০০ ডলার পর্যন্ত বন্ড বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্ত বহাল থাকলে চাকরি হারানোর পর কর্মী ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের অবিলম্বে মার্কিন ভূখণ্ড ত্যাগ করতে হবে।