হরমুজ প্রণালি পুনরায় চালু করতে যুক্তরাষ্ট্রের সামনে একাধিক কঠোর শর্ত দিয়েছে ইরান। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ খুলে দেওয়ার বিষয়ে এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি সংশ্লিষ্ট পক্ষগুলো।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের আচরণে পরিবর্তন না আনা পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না। পরিষদের সচিব ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ বাঘের জোলঘাদর দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ অবস্থানের কথা জানান।

বিবৃতিতে ইরান কয়েকটি শর্তের কথা উল্লেখ করেছে। এর মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে আর ইরানকে কোনো ধরনের হুমকি না দেওয়া, ইরান ও অঞ্চলটিতে তাদের মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা, ইরানের বন্দরগুলো ঘিরে আরোপ করা নৌ অবরোধ প্রত্যাহার এবং ওই অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নেওয়া।

ইরানের দাবি, এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে না।

এ ছাড়া যুদ্ধের কারণে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ‘সম্পূর্ণ ক্ষতিপূরণ’ দিতে হবে। একই সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের জব্দ করা সম্পদ ‘নিঃশর্তভাবে’ ছাড়ার দাবিও জানিয়েছে তেহরান।

ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। হরমুজ প্রণালিতে অবরোধ তুলে নেওয়ার আগে গ্রহণযোগ্য একটি সমঝোতায় পৌঁছাতে চায় যুক্তরাষ্ট্র।

জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতা অনুযায়ী, নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময়সূচি এবং ক্ষতিপূরণের পরিকল্পনা চূড়ান্ত চুক্তির অংশ হওয়ার কথা। একই সঙ্গে ইরানের জব্দ করা সম্পদ নিয়েও আলোচনার কথা রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান