বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তর এর আমীর ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী মোঃ সেলিম উদ্দীন বলেছেন, মানবিক বাংলাদেশ গড়তে শ্রমিক বিপ্লব ঘটাতে হবে। তিনি বলেন, শ্রমিকগনই হচ্ছে রাষ্ট্রের চালিকা শক্তি, কারন সকল শ্রমিক মিলে যদি একদিন কাজ বন্ধ করে দেয় তাহলে দেশের অবস্থা কি হতে পারে, ভেবে দেখুন।

গত শুক্রবার বাদ মাগরিব উত্তরা অডিটোরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর এর উদ্যোগে ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তর এর সহ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলমের সঞ্চালনায়, সভাপতি মাওলানা মোঃ মহিববুল্লাহর সভাপতিত্বে ইউনিট প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোঃ সেলিম উদ্দীন আরো বলেন, যুগে যুগে শ্রমিকগনই সামাজিক আন্দোলন সংগ্রামে অগ্রনি ভূমিকা পালন করেছে, বিগত ফ্যাসিবাদ বিরোধি আন্দোলনেও ছাত্র জনতার সাথে শ্রমিকদের অবদান ছিলো বেশি, শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চত করতে প্রয়োজনে শ্রম বিপ্লব ঘটাতে শ্রমিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

ইউনিট প্রতিনিধি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ মজিবুর রহমান ভূইয়া , ঢাকা মহানগর উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ সভাপতি মো মিজানুল হক, সহ সাধারণ সম্পাদক জনাব আব্দুল মান্নান পান্না, মো: সাইফুল ইসলাম, সুলতান মাহমুদ। এছাড়াও মহানগরীর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, থানা সভাপতি সেক্রেটারিসহ সহস্রাধিক ইউনিট সভাপতি উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে মুজিবুর রহমান বলেন, মহানগরীর ৭০ ভাগ শ্রমজীবী মানুষ যারা বাংলাদেশের উন্নতি এবং পরিবর্তনের কাজ করে যাচ্ছে, এদের নৈতিক উন্নতি ও পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সভাপতির বক্তব্যে মাওলানা মোঃ মহিববুল্লাহ বলেন, আগামীর ঢাকা মহানগরকে মানবিক ঢাকা হিসেবে গড়তে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর নেতৃবৃন্দকে আরো বেশি শ্রমিকদের মাঝে দাওয়াতি কাজ করতে হবে। সাংগঠনিক পক্ষ উপলক্ষে ইউনিট পর্যায়ে তত্ত্বাবধান করে সংগঠন মজবুতি ও সম্প্রসারন করতে হবে। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর কর্তৃক ফ্রি ডাক্তার, এম্বুলেন্স সার্ভিস সাস্হ্যসেবা, ফিজিও থেরাপি, শ্রমবান্ধব ট্রেনিং কার্যক্রম, ব্লাড প্রদানসহ সকল নাগরিক সেবা বিষয়ে প্রচারণা চালিয়ে শ্রমিকদের কল্যাণে কাজে লাগাতে হবে। তিনি সিটি মেয়র পদপ্রার্থী সেলিম উদ্দিনের সালাম সকলের নিকট পৌঁছে দেওয়ার আহ্বান জানান।