পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় ইন্তেকাল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও যাত্রাবাড়ী-শ্যামপুর থানার সেক্রেটারি নেছার উদ্দিন মাসুদের স্ত্রী সাবেরা খাতুন (৫০)।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে মক্কার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা যায়, ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় অবস্থানকালে সাবেরা খাতুন ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হন। পরে তাকে স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্বামী, পাঁচ ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সাবেরা খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপিসহ মহানগরীর নেতৃবৃন্দ।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।
তারা বলেন, সাবেরা খাতুন আমৃত্যু দ্বীন কায়েমের আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। তার ভূমিকা ও ত্যাগের বিনিময়ে মহান আল্লাহ তাকে ক্ষমা করে শাহাদাতের মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।
পারিবারিক সূত্র আরও জানায়, শুক্রবার বাদ জুমা পবিত্র বায়তুল হারামে সাবেরা খাতুনের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে মক্কা নগরীতেই তার মরদেহ দাফন করা হবে।
উল্লেখ্য, সাবেরা খাতুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল মরহুম অধ্যাপক ইউসূফ আলীর ছেলে নেছার উদ্দিন মাসুদের স্ত্রী।