স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম পর্যায়ে ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল রোববার রাজধানীর অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মুখ্য সংগঠক সারজিস আলম এই নামগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তৃণমূল পর্যায়ে ক্লিন ইমেজের নেতৃত্ব তুলে আনতেই এই প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়। চেয়ারম্যান ও মেয়র পদে এনসিপির ঘোষিত ১০০ প্রার্থীর মধ্যে ৫০ জন উপজেলা চেয়ারম্যান ও ৫০ জন পৌরসভার মেয়র প্রার্থী রয়েছেন।

বিভাগ পর্যায়ে ঘোষিত তালিকায় দেখা যায়--- পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিব, বোদায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শিশির আসাদ ও দেবীগঞ্জ উপজেলায় পৌর মেয়র প্রার্থী মাসুদ পারভেজ। পাশাপাশি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুরের ফুলবাড়িতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমরান চৌধুরী নিশাত, বোচাগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা এম এ তাফসির হাসান, ফুলবাড়ি পৌরসভায় পৌর মেয়র প্রার্থী শিহাব হোসেন, ঘোড়াঘাটে পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল মান্নান ও হাকিমপুরে পৌর মেয়র প্রার্থী রায়হান কবির।

এদিকে নীলফামারীর জলঢাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ লিয়ন, নীলফামারী সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ড. কামরুল ইসলাম, কুড়িগ্রাম সদরের পৌর মেয়র প্রার্থী মাসুম মিয়া, লালমনিরহাটের কালিগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহ সুলতান নাসির উদ্দিন আহমেদ, রংপুরের সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কৃষ্ণচন্দ্র বর্মণ ও গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা চেয়ারম্যান পদে খাদিমুল ইসলাম এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় সদর উপজেলা চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম শফিক, উখিয়া উপজেলার চেয়ারম্যান পদে মোহাম্মদ হুসাইন, চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান পদে রশিদ, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান পদে ইদ্রিস, হোমনা পৌরসভা মেয়র পদে রাজু সরকার, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চেয়ারম্যান পদে আমিনুল হক এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে লড়তে এনসিপির ব্যানারে অংশ নিতে সারাদেশ থেকে হাজারেরও বেশি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে কঠোর যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে ১০০ জন উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। তিনি আরও জানান যে, এই প্রক্রিয়াটি চলমান থাকবে এবং আগামী ২০ মে দ্বিতীয় ধাপে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এনসিপির লক্ষ্য হলো আগামী পবিত্র ঈদুল আযহার আগেই উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থীর তালিকা জনগণের সামনে তুলে ধরা।