বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দগাঁও থানা আয়োজিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মাওলানা এটিএম মাছু’ম বলেছেন, ইসলামের বিজয় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর রুকনদের বহুমুখী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। শুধু সাংগঠনিক কার্যক্রম নয়, রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, আদর্শিক দৃঢ়তা ও নেতৃত্বগুণ অর্জনের মাধ্যমেই ইসলামী আন্দোলনের কর্মীদের নিজেদের প্রস্তুত করতে হবে।
তিনি বলেন, “সংসদীয় গণতন্ত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বৃহৎ বিরোধী দল হিসেবে ভূমিকা রাখার সুযোগ পেয়েছে, এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। এই সুযোগকে কাজে লাগিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরো বলেন, “ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে দ্বীন প্রতিষ্ঠার জন্য নিরলস প্রচেষ্টা চালাতে হবে। বর্তমান সরকার বিভিন্ন পর্যায়ে নির্লজ্জভাবে দলীয়করণ করছে, যা অতীতের স্বৈরাচারী শাসনকেও হার মানিয়েছে। সরকার জুলাই বিপ্লবের চেতনা ও গণভোটের রায়কে পাশ কাটিয়ে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করছে, যার পরিণতি শুভ হবে না।”
গতকাল শুক্রবার চান্দগাঁও থানা আয়োজিত রুকন শিক্ষা শিবির থানা আমীর মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মোহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান বলেন, “একটি আদর্শ সমাজ গঠনে রুকনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি স্তরে ইসলামের সৌন্দর্য ও আদর্শ তুলে ধরতে হবে। বর্তমান সময় অত্যন্ত চ্যালেঞ্জিং। তাই সাংগঠনিক শৃঙ্খলা, তাকওয়া, জনসম্পৃক্ততা ও কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেদেরকে সময়োপযোগী নেতৃত্বে পরিণত করতে হবে।”
নির্ধারিত বিষয়ের উপর আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
তিনি বলেন, “কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জ্ঞানভিত্তিক ও পরিকল্পিত আন্দোলনের কোনো বিকল্প নেই। ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীকে আদর্শিক চেতনায় উজ্জীবিত হওয়ার পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা ও বাস্তবতা সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে।”
এছাড়া শিক্ষা শিবিরে আরো আলোচনা পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগরী সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন।
শিক্ষা শিবিরে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন, থানা সেক্রেটারি মোহাম্মদ জসীম উদ্দিন সরকার, থানা সহকারী সেক্রেটারি মোহাম্মদ ওমর গনি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড শূরা ও কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার ওমর ফারুক, গাজী মো. ইসমাইল, আবদুল কাদের পাটোয়ারী, ড. জাকির হোসেন হাওলাদার, অধ্যাপক মো. ইসমাইলসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম বলেছেন গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম মহানগরী জামায়াতের জোন-১ এর উদ্যোগে দেওয়ানবাজারস্থ সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে।
তিনি বলেন, জুলাই আন্দোলনের চেতনা ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন। কিন্তু সরকার জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিক না হয়ে ভিন্ন খাতে মনোযোগ দিচ্ছে। জনগণের মতামতের প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্র পরিচালনা না করলে দেশে রাজনৈতিক অস্থিরতা আরও বৃদ্ধি পাবে।
মাওলানা মাসুম বলেন, দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর বিধানভিত্তিক ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। জামায়াতে ইসলামী সংসদের ভেতরে গঠনমূলক আলোচনা এবং সংসদের বাইরে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায়ে কাজ করে যাবে। একইসঙ্গে সংগঠনের নেতা-কর্মীদের আদর্শিক, সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চসিক মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. একেএম ফজলুল হক, মহানগরী কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালি থানা আমীর আমির হোছাইন প্রমুখ। অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন প্রফেসর ড. শফিউল আলম ভুঁইয়া। সমাবেশে মহানগরীর বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।