বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চলের পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেছেন, বর্তমান বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের মাত্র তিন মাসের মধ্যেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের বিভিন্ন খাতে দলীয়করণ, দুর্নীতি ও চাঁদাবাজির কারণে জনগণ হতাশ হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল শুক্রবার রাজশাহী নগরীর একটি কনফারেন্স হলে মহানগরী ও জেলা জামায়াতের উদ্যোগে সাবেক ছাত্রশিবির নেতৃবৃন্দকে নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত এক শিক্ষাশিবিরে তিনি প্রধান অতিথি হিসেবে দেয়া বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী এমপি। যৌথভাবে সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল এবং জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোর্তজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক, মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, ডা. মো. জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার এবং ব্যবসা ও কল্যাণ সম্পাদক অধ্যাপক একেএম সারওয়ার জাহান প্রিন্স।
রফিকুল ইসলাম খান বলেন, দেশে খুন, ধর্ষণসহ নানা অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সরকার ভারতের প্রণীত কিছু আইন বাংলাদেশে বাস্তবায়নের চেষ্টা করছে। তিনি বলেন, আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সমন্বয়ে কাজ করলে সংগঠন শক্তিশালী হওয়ার পাশাপাশি সমাজেও ইতিবাচক পরিবর্তন আসবে। কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে জ্ঞান, ধৈর্য ও পরিকল্পিত কর্মপদ্ধতির গুরুত্ব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় প্রতিটি এলাকায় সুশৃঙ্খল দাওয়াতি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ অতিথিদ্বয় তাঁদের বক্তব্যে বলেন, সংগঠনের ভিত্তি শক্তিশালী করতে তৃণমূল নেতাদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। শিক্ষাশিবির এ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।