কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ফেরত এলে প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যা করবে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। গতকাল শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদীর কবর জিয়ারত শেষে তিনি এই দাবি করেন। নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, “জুলাই গণঅভ্যত্থানকে বিএনপি বাদ দিতে চাচ্ছে। ৯০-এর স্বৈরাচারবিরোধী যে আন্দোলন ছিল, সেটাকে মুছে দিয়েছিল বিএনপি। জুলাই অভ্যুত্থানকে বিএনপি ভ্যানিশ করে দিয়েছে। আমি আজকে বলে রাখছি, জুলাই অভ্যুত্থান যদি শেষ হয়ে যায়, আওয়ামী লীগ যদি ফেরত আসে, তাহলে সবচেয়ে বড় ভিকটিম হবে বিএনপি। তিনি বলেন, “বিএনপি গত ১৫ বছরে অনেক নির্যাতনের শিকার হয়েছে। দলটির অনেক নেতাকর্মীর পায়ে এখনও গুলীর দাগ আছে, পেট কাটা আছে, হাত কাটা আছে। এগুলোর দাগ এখনও শুকায় নাই।