চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে মর্মান্তিক দুর্ঘটনায় শ্রমিকদের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৪ আগস্ট) এক বিবৃতির মাধ্যমে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, জুমাবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে অবস্থিত ‘ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ’ ইয়ার্ডে স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে বেশ কয়েকজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু এবং ১০-১৫ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।

নিহত শ্রমিকদের রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, "মহান আল্লাহ রাব্বুল আলামিন নিহতদের পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করুন। একই সাথে হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।"

দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়ে জামায়াত সেক্রেটারি আরও বলেন, "এই দুর্ঘটনা কোনো অবহেলা বা নিরাপত্তাব্যবস্থার ত্রুটির কারণে ঘটেছে কি না, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখতে হবে। সেই সাথে নিহতদের পরিবারবর্গকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য কারখানা কর্তৃপক্ষ ও সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।"