‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মাথাভাঙ্গায় মাদকদ্রব্যের সেবন ও অবৈধ বিক্রির প্রতিবাদে এক মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে ‘প্রগতি বিপ্লবী সমাজ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে মোহনপুর ইউনিয়ন পরিষদের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

ইঞ্জিনিয়ার শাহ আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের ভয়াবহ গ্রাসে তরুণ সমাজ আজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। তাই কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এককভাবে নির্ভর না করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নজরদারি ও আইনি পদক্ষেপ জোরদার করা জরুরি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সাংবাদিক দৌলত হোসেন আবির, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম মিয়াজী, উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ, সাবেক সেনা কর্মকর্তা আলী হোসেন, ওয়াজে উল্লা, দুলাল সরকার ও শাহজালাল মিয়াজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।