জনপ্রশাসনে রদবদলের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। দুদকে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর রহমান খান। অন্যদিকে, পিএসসিতে মো. ফজলুর রহমান।
বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, দুদকের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান। তিনি বর্তমান সচিব মোহাম্মদ খালেদ রহীমের স্থলাভিষিক্ত হয়েছেন।
অন্যদিকে, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান মো. ফজলুর রহমান। তাকে পদোন্নতি দিয়ে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আরেক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এছাড়া, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. রাশিদুল ইসলামকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।