মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি ও সরবরাহ হ্রাস পাওয়ায় তিতাস গ্যাস এলাকায় তীব্র গ্যাস সংকট ও স্বল্পচাপের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সাময়িক অসুবিধা চলবে বলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়,

মহেশখালীস্থ এলএনজি (এলএনজি) টার্মিনালসমূহে কারিগরি ত্রুটির কারণে রি-গ্যাসিফাইড এলএনজি (আরএলএনজি) সরবরাহ দৈনিক প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে গেছে। ফলে, তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় আবাসিক, শিল্প, বাণিজ্যিক, বিদ্যুৎকেন্দ্র ও সিএনজিসহ সব ধরনের গ্রাহক তীব্র গ্যাসের স্বল্পচাপের মুখে পড়বেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের সাময়িক ভোগান্তি অব্যাহত থাকতে পারে। এ কারণে গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এদিকে, গ্যাস সরবরাহ কমে যাওয়ায় রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে রান্নার কাজে বিঘ্ন ঘটছে। একইসঙ্গে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সিএনজি স্টেশনগুলোতেও গ্যাস সরবরাহে সমস্যা দেখা দিয়েছে।