জাতীয় সংসদের মহান ফ্লোরে দাঁড়িয়ে মুসলিম নারীদের ধর্মীয় ও ঐতিহ্যবাহী পোশাক বোরকা ও হিজাব নিয়ে চরম ধৃষ্টতাপূর্ণ, অবমাননাকর ও ইসলামবিদ্বেষী কটূক্তির তীব্র নিন্দা, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

মঙ্গলবার (১৫ জুন ২০২৬) এক বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, সংসদের মতো সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানে দাঁড়িয়ে একজন সংসদ সদস্যের পক্ষ থেকে মুসলিম নারীদের ধর্মীয় পোশাক নিয়ে কটূক্তি অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বজ্ঞানহীন আচরণ।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বোরকা ও হিজাব মুসলিম নারীদের ধর্মীয় বিধান ও সাংবিধানিক অধিকার। এ বিষয়ে বিদ্রূপ ও কটূক্তি দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করেছে।

তারা আরও বলেন, জাতীয় সংসদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মত প্রকাশের অশালীন মঞ্চ হতে পারে না। সেখানে দায়িত্বশীল ভাষা ব্যবহার করা প্রত্যেক জনপ্রতিনিধির নৈতিক দায়িত্ব।

বিবৃতিতে হেফাজত নেতৃদ্বয় অনতিবিলম্বে ওই চরম আপত্তিকর ও ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার জোর দাবি জানান। অন্যথায়, দেশের তৌহিদী জনতা ঈমান ও আমলের সুরক্ষায় রাজপথে কঠোর জবাব দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।

একই সাথে জাতীয় সংসদসহ রাষ্ট্রের সকল স্তরে ইসলাম ও ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং শালীন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার জন্য সকলের প্রতি জোরালো আহ্বান জানান।