নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বসতবাড়িতে অননুমোদিতভাবে দাঁতের ল্যাব পরিচালনার অভিযোগে দুটি প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান দুটিকে সর্বমোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।
মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার মীরওয়ারিশপুর এলাকায় উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে দেখা যায়, ‘পপুলার ডেন্টাল ল্যাবরেটরি’ অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া সরকারি বিধি অনুযায়ী প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় কাগজপত্র, ছাড়পত্র এবং টেকনোলজিস্টদের পেশাগত সনদ ছিল না।
এসব অভিযোগে ‘বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০’ এর ২২ ও ২৯ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে ‘মা ডেন্টাল ল্যাবরেটরি’-তে সরকারি অনুমোদন ও দক্ষ টেকনিশিয়ান না থাকায় একই আইনে ৫৫ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।
বৈধ কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠান দুটির কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত নথিপত্র হালনাগাদ না করা পর্যন্ত আগামী ১৫ দিন কোনো কার্যক্রম পরিচালনা করবে না মর্মে মালিকপক্ষের কাছ থেকে অঙ্গীকারনামা নেয়া হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. সানজিদা। এনএসআই-এর ফিল্ড কর্মকর্তাবৃন্দ, বেগমগঞ্জ মডেল থানার এসআই আবদুর রহিমসহ পুলিশের একটি দল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন জানান, জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত কোনো প্রতিষ্ঠান প্রয়োজনীয় অনুমোদন ও মান নিয়ন্ত্রণ ছাড়া পরিচালনার সুযোগ নেই। অভিযানে দুটি ডেন্টাল ল্যাবে সরকারি বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় আইন অনুযায়ী জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।