স্টাফ রিপোর্টার
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকে লেখা একটি চিঠি মালয়েশিয়ার হাইকমিশনারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় ঢাকায় অবস্থিত মালয়েশিয়ান হাইকমিশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার চিঠিটি বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা বিন ওসমানের কাছে হস্তান্তর করেন। চিঠিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে তাঁর দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।
চিঠি হস্তান্তরের সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।