বাংলা ইসলামী সংস্কৃতির কালজয়ী কবি ও সুরকার মতিউর রহমান মল্লিকের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আবেগঘন সঙ্গীত সন্ধ্যা ও স্মরণসভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানার সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগ।

আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) বাদ মাগরিব স্থানীয় মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পল্টন থানা সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগের সভাপতি শিল্পী এখলাসুর রহমান-এর সভাপতিত্বে এবং শিল্পী ইকবাল হোসাইন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্টন থানার আমীর এডভোকেট মারুফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মারুফুল ইসলাম বলেন, "কবি মতিউর রহমান মল্লিক ছিলেন সুস্থ সংস্কৃতির বাতিঘর। তিনি তাঁর ক্ষুরধার লেখনী ও সুরের মাধ্যমে শোষিত ও বঞ্চিত মানুষের হৃদয়ে জাগরণের বার্তা পৌঁছে দিয়েছেন। অপসংস্কৃতির ভিড়ে সত্য ও সুন্দরের চর্চায় তাঁর অবদান যুগ যুগ ধরে তৌহিদী জনতাকে অনুপ্রাণিত করবে।"

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও থানা নেতৃবৃন্দ। কবি মল্লিকের স্মৃতিচারণ করে বক্তারা তাঁর কর্ম ও জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর স্বপ্নের সুস্থ ধারার সংস্কৃতি চর্চাকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে কবি মতিউর রহমান মল্লিকের লেখা ও সুর করা জনপ্রিয় ইসলামী গান ও কালজয়ী কবিতা পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পীবৃন্দ।

স্মরণসভা ও সঙ্গীত সন্ধ্যায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পল্টন থানা কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম, মোশাররফ হোসাইন সহ স্থানীয় বিশিষ্ট শিল্পীবৃন্দ এবং সাংস্কৃতিক অনুরাগী সাধারণ শ্রোতা। অনুষ্ঠান শেষে মরহুম কবির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।