দক্ষ তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে গাজীপুরে ইউনিসেফ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির সহযোগিতায় ইউসেপ বাংলাদেশের উদ্যোগে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

চাকরিদাতা ও চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের সরাসরি সংযোগ তৈরির এ আয়োজনে দেশের বিভিন্ন খাতের ১৮টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) গাজীপুরের সালনায় ইউসেপের আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর স্টলে চাকরিপ্রত্যাশীরা বিভিন্ন পদে আবেদন ও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পান।

Over 500 Applicants Shortlisted at UCEP Job Fair in Gazipur._16x9

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মেলায় প্রায় দুই সহস্রাধিক আবেদনপত্র গ্রহণ করা হয়। এর মধ্য থেকে পাঁচ শতাধিক আবেদনপত্র প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার গাজীপুরের উপপরিচালক আহম্মাদ হোসেন ভূঁইয়া ও জিআইজেডের অ্যাডভানটেজ প্রকল্পের উপদেষ্টা এইচ এম আসাদ-উজ-জামান।

সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মোঃ আবদুল করিম।

বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে অতিথিরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানের শুরুতে ইউসেপ গাজীপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবীর স্বাগত বক্তব্য দেন। ইউসেপ বাংলাদেশের প্রোগ্রাম ও ইনোভেশনস বিভাগের পরিচালক প্রকৌশলী মোহাঃ আব্দুল মান্নান প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতা অর্জন ছাড়া বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে টিকে থাকা কঠিন। দক্ষতার কোনো বিকল্প নেই। তরুণদের শুধু চাকরি খোঁজার মধ্যে সীমাবদ্ধ না থেকে উদ্যোক্তা হয়ে অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির দিকেও মনোযোগী হতে হবে। দক্ষ জনশক্তি তৈরি করা সরকারের অগ্রাধিকার এবং ইউসেপ বাংলাদেশ দীর্ঘদিন ধরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

সভাপতির বক্তব্যে ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মোঃ আবদুল করিম বলেন, ইউসেপ শুধু কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে তোলে না, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। বর্তমানে ইউসেপ ৪২টি ট্রেড কোর্সে বছরে ৩৬ হাজারের বেশি তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিচ্ছে।

প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের পাশাপাশি তরুণদের আত্মবিশ্বাস ও উদ্যোক্তা হওয়ার সক্ষমতা তৈরি হচ্ছে বলেও জানান তিনি।

বিশেষ অতিথি আহম্মাদ হোসেন ভূঁইয়া বলেন, বিষয়ভিত্তিক কারিগরি দক্ষতা অর্জন করতে পারলে তরুণদের জন্য দেশ-বিদেশে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে। বিশ্বব্যাপী শিল্প ও প্রযুক্তির পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা অর্জন করতে পারলে বাংলাদেশের তরুণরাই ভবিষ্যতের চতুর্থ শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

জিআইজেডের অ্যাডভানটেজ প্রকল্পের উপদেষ্টা এইচ এম আসাদ-উজ-জামান বলেন, ইউসেপের কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমে নারী, তৈরি পোশাকশিল্প পরিবারের সন্তান এবং শিক্ষা থেকে ঝরে পড়া তরুণ-তরুণীদের দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বক্তারা ইউসেপের এ কার্যক্রম ও চাকরি মেলার আয়োজনের প্রশংসা করেন।

মেলায় এসিআই, মন্ডল গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপ, ডিবিএল গ্রুপ, হ্যামস গার্মেন্টস লিমিটেড, নিলয় মটরস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রীতি গ্রুপ, সান ইয়ার্ড প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, বিডিজবস, এসএফ সোয়েটার্স, ফ্রনডেস্ক বাংলাদেশ লিমিটেড, ইউটা ফ্যাশন লিমিটেড, হায়ার বাংলাদেশ, আনোয়ার ইস্পাত লিমিটেড, হাবিটাস ফ্যাশন লিমিটেড, জেটুজি ফ্যাশন লিমিটেড ও জেনিক্স ইনফোসিস পিএলসিসহ ১৮টি প্রতিষ্ঠান অংশ নেয়। পাশাপাশি ইউসেপের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে ওঠা ১৫ জন উদ্যোক্তা তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করেন।

জব ফেয়ারের দ্বিতীয় পর্বে বিভিন্ন ট্রেডে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী ইউসেপ প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। পরে ইউসেপ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউআইএসটি) গাজীপুরের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।