দেশে গত ২৪ ঘন্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯৯৪ জন।
সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যুর পর চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জনে। আর এ সময় পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৯২৩ জন।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৮১ জন, ময়মনসিংহ বিভাগে ৭১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, খুলনা বিভাগে ২১৫ জন, রাজশাহী বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ২৩ জন, বরিশাল বিভাগে ১১৭ জন এবং সিলেট বিভাগে চারজন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে দুই হাজার ৮০ জন চিকিৎসাধীন।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট এক লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট এক লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।