স্টাফ রিপোর্টার
দৈনিক সংগ্রামের ফটো সাংবাদিক আরিফুল ইসলাম ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। শনিবার রাতে তাকে রাজধানীর শান্তি নগরে অবস্থিত অরোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা লাস্ট স্টেজে। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। আজ সোমবার দুপুরে তার মাথায় অস্ত্রোপচার করা হবে। আরিফুল ইসলামের দ্রুত সুস্থতার জন্য তার পরিবার এবং সহকর্মীরা দোয়া প্রার্থনা করেছেন।
বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে দোয়া কামনা করে জানিয়েছে, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের স্থায়ী সদস্য এবং দৈনিক সংগ্রামের ফটোসাংবাদিক আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। অত্যন্ত দুঃখের বিষয়, তিনি বর্তমানে জটিল ‘ব্রেইন টিউমার’ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।