তাপমাত্রা নিয়ন্ত্রণ মিটার না থাকা, ক্যান্টিনে তেলাপোকা থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য আইনের আওতায় ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

রবিবার (৩১ মে) বিকেলে ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি দল অভিযান চালায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে তারা এ জরিমানা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই জরিমানার অর্থ পরিশোধ করেছে।’

এদিকে আদ দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো উদঘাটিত হয়নি। এ ঘটনায় কারও কোনো গাফলতি রয়েছে কিনা তা উদঘাটনে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর গঠিত তদন্ত দল। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এ ঘটনায় তাদের কোনো গাফলতি ছিলো না।