স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যুর ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি থাকা অবস্থায় গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া শিশুদের মধ্যে রয়েছে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার জাকির হোসেনের ৯ মাস বয়সী ছেলে রাইয়ান এবং শ্রীপুর উপজেলার মাওনা এলাকার খোকন মিয়ার ৫ মাস বয়সী ছেলে সিফাত। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কয়েকদিন আগে হামের উপসর্গ নিয়ে তাদের ভর্তি করা হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থাতেই তাদের মৃত্যু ঘটে।

হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মোট ৫৬০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১১ জন। একই সময়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ জনে, যা সর্বশেষ এই দুই শিশুর মৃত্যু।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে ১৭ জনই শিশু এবং ৪ জন প্রাপ্তবয়স্ক। একই সময়ে ১৬ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে মোট ৪৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ দ্রুত ছড়াতে পারে, তাই শিশুদের সময়মতো টিকার আওতায় আনা অত্যন্ত জরুরি। জেলা স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে।

স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে হাসপাতালে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে। তারা দ্রুত কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে করে আর কোনো প্রাণহানি না ঘটে।