দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৫৮০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়াল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮১, চট্টগ্রাম বিভাগে ৭৯, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৮, খুলনা বিভাগে ৬৭, ময়মনসিংহ বিভাগে ৩৬, রাজশাহী বিভাগে ২২, রংপুর বিভাগে ৩১ ও সিলেট বিভাগে দুইজন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৬৮৪ জন। এর মধ্যে চলতি মাসে ১ হাজার ৩৭৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর এখন পর্যন্ত সর্বোচ্চ জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ জুনে ২ হাজার ৯০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৯ জনের। এর মধ্যে চলতি মাসে পাঁচজন মারা গেছে। আর জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।