তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রতিষ্ঠাতা মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বাউবিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাউবি ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। এ সময় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামের কথা স্মরণ করা হয়। একই সঙ্গে বাউবি প্রতিষ্ঠায় তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরা হয়।

ভিসি বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দিতে ১৯৯২ সালে বাউবি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ তাঁর দূরদর্শী নেতৃত্বের বহিঃপ্রকাশ। তাঁর এ উদ্যোগের ফলে দেশের বিপুলসংখ্যক মানুষের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা অবদান রেখেছেন, তাঁদের স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। দোয়া মাহফিলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের শহীদ, গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

বাউবি মসজিদ উপ-কমিটির সভাপতি আল-আমিন সরকারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন বাউবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল কাসেম। এ সময় দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং বাউবির উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।