শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণামূলক কাজে প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে আয়োজিত ‘Advanced Computer Skills for Academic Uses’ কোর্সের পরীক্ষায় উত্তীর্ণ ১৮১ শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম ১০ জনকে সার্টিফিকেট ও ক্রেস্টের পাশাপাশি Skilltori প্ল্যাটফর্মে ১ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়া পরবর্তী ১৭১ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট এবং Skilltori-তে ৫০০ টাকা ডিসকাউন্ট প্রদান করা হচ্ছে।
শিক্ষার্থীদের পড়াশোনা, অ্যাসাইনমেন্ট, গবেষণা ও অন্যান্য একাডেমিক কাজে প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এ কোর্সের আয়োজন করা হয়। বিশেষভাবে থিসিস ও প্রজেক্ট পেপার তৈরি ও উপস্থাপন, ডেটা নিয়ে কাজ করা, প্রেজেন্টেশন তৈরি এবং একাডেমিক কনটেন্ট তৈরির মতো ব্যবহারিক বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রায় ১১টি অনলাইন ক্লাসে মোট ১ হাজার ২ জন শিক্ষার্থী কোর্সটিতে অংশগ্রহণ করেন। এতে Microsoft Word, Excel, Google Sheets, PowerPoint, Google Docs ও Canva-এর ব্যবহার শেখানো হয়। পাশাপাশি Advanced Web Browsing, CMD ও PowerShell ব্যবহারের মাধ্যমে বিভিন্ন একাডেমিক কাজ সম্পাদনের পদ্ধতিও শেখানো হয়েছে।
কোর্সটির মূল উদ্দেশ্য ছিল শুধু কম্পিউটার ব্যবহারের দক্ষতা তৈরি করা নয়; বরং শিক্ষার্থীরা যেন পড়াশোনা ও গবেষণার কাজে কম্পিউটার এবং প্রয়োজনীয় ডিজিটাল টুল আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবহার করতে পারেন, সে সক্ষমতা তৈরি করা।
শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা উন্নয়ন এবং একাডেমিক ও গবেষণামূলক কাজে প্রযুক্তির ব্যবহার বাড়াতে জাকসুর এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।