বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের লক্ষ্যে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংস্থাটির পরিকল্পনা অনুযায়ী, আগামী অক্টোবরের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। তবে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ না হলে বিজ্ঞপ্তি প্রকাশ নভেম্বর পর্যন্ত পিছিয়ে যেতে পারে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চলছে। এ অবস্থায় নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে। এ কারণে বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি থাকলেও বদলি কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তা প্রকাশ করা হচ্ছে না।

এনটিআরসিএর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে অক্টোবরের মধ্যে শিক্ষক নিবন্ধন ও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে তাগাদা দেওয়া হয়েছে। সে অনুযায়ী সংস্থাটি কাজ করছে। তবে অক্টোবরের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ না হলে নভেম্বরের দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

ওই কর্মকর্তা আরও জানান, ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি এনটিআরসিএর রয়েছে। বদলি কার্যক্রম শেষ হওয়ার পরপরই প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এদিকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এনটিআরসিএর ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা তথা ৯ম এনটিআরসিএ শিক্ষক (প্রবেশ পর্যায়) নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি আগামী অক্টোবরের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে। গত মঙ্গলবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানান, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের জন্য ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা তথা ৯ম এনটিআরসিএ শিক্ষক (প্রবেশ পর্যায়) নিয়োগ পরীক্ষা গ্রহণের প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রবেশ পর্যায়ের শূন্যপদের তথ্য সংগ্রহ করা হয়েছে।

এনটিআরসিএর সংশ্লিষ্টরা বলছেন, শূন্যপদের তথ্য সংগ্রহ ও অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া হয়েছে। এখন এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ হলেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু করা হবে।