খুলনা ব্যুরো : খুলনা জেলার রূপসার নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তামিমা আক্তার বাশিরুন (১৬) গত ১ সপ্তাহ যাবৎ নিখোঁজ রয়েছে। ট্রলার মাঝি পিতাসহ তার পরিবার এ ঘটনায় চরম উদ্বেগ ও উৎকন্ঠার মাঝে দিন কাটাচ্ছে। কন্যার সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজিসহ তার স্ত্রী ঝুমকা বেগম থানায় লিখিত আবেদন করলেও অদ্যাবধি কোন প্রতিকার মেলেনি।

ট্রলার মাঝি চর রূপসা এলাকার বাসিন্দা মো. বশির শিকদার জানান, স্ত্রী ও চার সন্তান নিয়ে তিনি রূপসা ঘাটে ট্রলার চালিয়ে কোন রকম জীবিকা নির্বাহ করেন। বড় মেয়ে তামিমা আক্তার বাশিরুন নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। অনেক কষ্ট করে তার পড়াশোনার খরচ চালাতে হয়। তিনি বলেন, গত ২২ এপ্রিল সকাল ১০ টার দিকে বাশিরুন পার্শ্ববর্তী তার নানাবাড়ি জহিরের বটতলা থেকে নিখোঁজ হয়। এরপর থেকে তার কোন সন্ধান মিলছে না। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আমার মেয়েকে ফিরে পেতে রূপসা থানায় একটি লিখিত আবেদন করি। তবে পুলিশেরও কোন সহায়তা পাচ্ছি না। এ ঘটনায় পরিবার পরিজনসহ আত্মীয়-স্বজন সবাই চরম উদ্বিগ্ন। সহজ সরল প্রকৃতির মেয়েটি কোন প্রতারক বা পাচারকারীর খপ্পরে পড়েছে বলে তিনি আশঙ্কা করছেন। মেয়েকে ফিরে পেতে তিনি পুলিশ প্রশাসনসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সুদৃষ্টি কামনা করেছেন।