রাবি রিপোর্টার
আবাসিক হলের সিট বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত ও পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ ঘোষণাসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সম্মিলিত হল সংসদ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীমের কাছে এ স্মারকলিপি জমা দেন ১৭টি হল সংসদের নেতৃবৃন্দ। পরে পরিবহন মার্কেটে একটি সাংবাদিক সম্মেলন করেন তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন শাহ মখদুম হল সংসদের ভিপি শামীম পাটওয়ারি। এসময় তিনি ৫ দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো- হলের সিট বণ্টনে স্বচ্ছ ও নিরপেক্ষ নীতিমালার পূর্ণ বাস্তবায়ন, অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের হল ত্যাগে বাধ্য করা, রুমভিত্তিক আবাসিক শিক্ষার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ, আবাসনসংক্রান্ত অভিযোগ গ্রহণ ও সমাধানের জন্য কার্যকর সেল গঠন এবং পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ দ্রুত ঘোষণা।