ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী অংকন কুণ্ডুর ঝুলন্ত মরদেহ রাজশাহীর নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী সদরের বাসায় তার নিজের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অংকন কুণ্ডুর বাবা অ্যাডভোকেট নরেন্দ্রনাথ কুণ্ডু জানান, অংকন দুই দিন আগে বিশ্ববিদ্যালয় থেকে বাড়িতে আসেন। শুক্রবার দুপুরেও তিনি পরিবারের সবার সঙ্গে স্বাভাবিকভাবে খাবার খান এবং সময় কাটান। সন্ধ্যার দিকে নিজের কক্ষে তিনি কম্পিউটারে কাজ ও পড়াশোনা করছিলেন।

পরে রাতে অংকনের বড় ভাই প্রথম তাকে ভেন্টিলেটরের সাথে ডিশের তার দিয়ে পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে নিচে নামান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

অংকনের বাবা আরও জানান, দুপুরে খাবার খাওয়ার পর অংকন তার কাছ থেকে ৫০০ টাকা নিয়েছিলেন। এই মুহূর্তে পরিবারের পক্ষ থেকে অন্য কোনো বিষয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে না।

জানা গেছে, অংকন কুণ্ডু গত ২৫ জুলাই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বিদেশে উচ্চশিক্ষার জন্য তিনি বিভাগীয় সুপারিশও নিয়েছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ বার কাউন্সিলের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আগামী ২২ আগস্ট অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার জন্য নিবিড় প্রস্তুতি নিচ্ছিলেন।

বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক বিলাসী সাহা গভীর শোক প্রকাশ করে বলেন, "অংকন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। পরিবারের সদস্যদের মাধ্যমে জানতে পেরেছি, তিনি বার কাউন্সিলের পরীক্ষার প্রস্তুতি নিয়েই ব্যস্ত সময় পার করছিলেন। দুপুরের খাবারও পরিবারের সবার সঙ্গে খেয়েছিলেন। এমন মর্মান্তিক ঘটনা সত্যিই হৃদয়বিদারক।"

এ ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।