জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতুর সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে আসাদুল আলম শেখের সংশ্লিষ্টতার অভিযোগসহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির বিশ্ববিদ্যালয় সংসদের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা আসাদুল আলম শেখের নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু ও ইতিহাস বিভাগের অধ্যাপক হোসনে আরা বেবীর সঙ্গে ছাত্রলীগ কর্মী আসাদের কথোপকথনসহ সংশ্লিষ্ট চ্যাট, যোগাযোগ, ডিজিটাল তথ্য ও অন্যান্য প্রমাণ আইনানুগভাবে যাচাই করে তদন্তের দাবি করেন তারা।
এ ছাড়া অটোরিকশা থেকে চাঁদা আদায়ের অভিযোগে সালাম-বরকত হলের কম্পিউটার অপারেটর মনির, সালাম-বরকত হল সংসদের ভিপি মারুফ এবং জাকসু ভিপি আব্দুর রশিদ জিতুর সংশ্লিষ্টতার অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত দাবি করেন বক্তারা।
মানববন্ধন থেকে জাকসু ও হল সংসদের আবাসনসংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল, কর্মচারী পদোন্নতি বোর্ডের রেজুলেশনে উত্থাপিত অসঙ্গতির নিরপেক্ষ তদন্ত এবং ফজিলাতুন্নেছা হল সংসদের ভিপি ঐশী সরকারের বিরুদ্ধে উত্থাপিত অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তের দাবিও জানানো হয়।
মানববন্ধনে জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতি বলেন, ‘ছাত্রলীগের অন্যতম আসামি আসাদুল আলম শেখকে আমরা বিভিন্ন সময়ে ছাত্রলীগের ব্যানার-পোস্টার লাগাতে দেখেছি। একইসঙ্গে সে বিভাগীয় সংসদ ও জাকসু নির্বাচনেও অংশগ্রহণ করেছে। আমরা প্রশাসনকে বলতে চাই, আসাদুলের মতো যারা হলে অবস্থান করে এখনো ছাত্রলীগের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে, তাদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’
সংগঠনটির সাধারণ সম্পাদক বলেন, ‘একটি হলের ভিপি কীভাবে প্রশাসনকে ফাঁকি দিয়ে ক্যাম্পাসের ভেতরে জায়গা বরাদ্দ নেন, সেটি আমাদের প্রশ্ন। আমরা জানতে পেরেছি, ওই জায়গা বরাদ্দের জন্য তিনি একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়েছেন। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।’
তিনি আরও বলেন, ‘যে জাকসু ভিপি জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে ভিপি হয়েছেন, আমরা তাকেই একজন পরীক্ষিত ছাত্রলীগ কর্মীকে বলতে দেখেছি, “আমি ভিপি মানে তুই ভিপি।” এ ধরনের রাজনৈতিক দুশ্চরিত্রের অভিযোগ যার বিরুদ্ধে রয়েছে, তিনি কীভাবে এখনো জাকসু ভিপি পদে বহাল থাকেন—এ প্রশ্ন আমরা প্রশাসনের কাছে রাখতে চাই। শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা এ বিষয়ে প্রশাসনের কাছে সুস্পষ্ট জবাব চাই।’
এর আগে একই দাবিতে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি জিয়া উদ্দিন আয়ান ছয় দফা দাবি তুলে ধরেন।