জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে। সারাদেশের ১৩৮টি কেন্দ্রে একযোগে সকাল ১১টায় শুরু হয়ে এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা বেলা ১২টায় শেষ হবে।

রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি জানান, দেশের ৮৮০টি কলেজে ভর্তির লক্ষ্যে এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী, যার মধ্যে সরকারি কলেজ ৩৭৫টি এবং বেসরকারি কলেজ ৫০৫টি।

তিনি আরও জানান, বিভাগভিত্তিক কেন্দ্রের মধ্যে ঢাকা মহানগরীতে ১৮টি, ঢাকা বিভাগে ২৭টি, বরিশালে ১৩টি, চট্টগ্রামে ২৩টি, খুলনায় ১৮টি, রাজশাহীতে ১৭টি, রংপুরে ১৩টি এবং সিলেটে ৯টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রো ভিসি প্রফেসর মো. লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, ডিন প্রফেসর ড. ফকির রফিকুল আলম, ডিন ড. মো. আশেক কবির চৌধুরী, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ এনামুল করিম, ভর্তি ও রেজিস্ট্রেশন সেলের সচিব ড. আলী জাফর চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ।