গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির বাস্তব প্রয়োগে আন্তর্জাতিক অঙ্গনে নতুন সাফল্য অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) র্যাঙ্কিং ২০২৬-এর ‘অর্থনৈতিক উন্নয়নমুখী প্রযুক্তি হস্তান্তর’ ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি ২৩তম স্থান অর্জন করেছে। একই সঙ্গে বিশ্বের শীর্ষ ৫০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৪৭০তম অবস্থান লাভ করেছে বিশ্ববিদ্যালয়টি। বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গাকৃবিই একমাত্র প্রতিষ্ঠান, যা এ স্বীকৃতি অর্জন করেছে।
গত ৭ মে উরি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ র্যাঙ্কিং প্রকাশ করে। উদ্ভাবনী ধারণা, বাস্তবায়নের সক্ষমতা এবং বাস্তব প্রভাব-এই তিন সূচকের ভিত্তিতে বিশ্বের উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়গুলোকে মূল্যায়ন করা হয়।
এর আগে উরি র্যাঙ্কিং ২০২৫-এ প্রযুক্তি ও উদ্ভাবনে অবদানের জন্য বিশ্বের শীর্ষ ১০০ প্রতিষ্ঠানের মধ্যে গাকৃবির অবস্থান ছিল ৭৭তম। এছাড়া টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন ক্যাটাগরিতেও দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান অর্জন করে গাকৃবি। একইসঙ্গে কিউএস সাসটেইনেবিলিটি র্যাঙ্কিং ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও প্রথম স্থান অধিকার করে প্রতিষ্ঠানটি।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ সাফল্য শুধু গাকৃবির নয়, এটি বাংলাদেশের সম্ভাবনারও প্রতিচ্ছবি। সীমিত সম্পদ ও নানা চ্যালেঞ্জের মধ্যেও শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি এটি।’ তিনি আরও বলেন, গবেষণাকে মানুষের জীবন ও জাতীয় উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করাই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য।