ববি সংবাদদাতা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত জটিলতা ও চলমান সংকট কাটিয়ে উঠতে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সভায় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন: বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ। ডিনদের মধ্যে এ সময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ইসরাত জাহান লিজা, কলা অনুষদের ডিন ড. আব্দুল বাতেন, কম্পিউটার বিজ্ঞান অনুষদের ডিন রাহাত হোসেন ফয়সাল এবং জীববিজ্ঞান অনুষদের ডিন হাফিজ আশরাফুল ইসলাম বৈঠকে উপস্থিত হন।
দীর্ঘ আলোচনার পর ভিসি ও বিভাগীয় কমিশনার সাংবাদিকদের জানান যে, একাডেমিক কার্যক্রম পুনরায় সচল করার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। বিভাগীয় কমিশনার ও উপাচার্য শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত দাবিগুলো নিয়ম অনুযায়ী পূরণের আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক বলেন, ‘তারা (বিভাগীয় কমিশনার ও উপাচার্য) আমাদের বলেছেন আপনারা আইন অনুযায়ী সকল কিছু পাবেন। তারা আমাদের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ক্লাসে ফিরে যাবার অনুরোধ জানিয়েছেন। এখন যেহেতু পূর্ববর্তী পুরো সিদ্ধান্তটা আমরা সকল শিক্ষকরা মিলে নিয়েছিলাম তাই আবার সকল শিক্ষকদের সাথে রবি-সোমবারের মধ্যে বসে,আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দিবো।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মাদ তৌফিক আলম বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় কমিশনার, ডিআইজি ডিনদের সঙ্গে একটা ত্রিপক্ষীয় মিটিং হয়েছে। মিটিংয়ে আমরা সৌভাগ্যপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে সিন্ধান্ত নিয়েছি যে, ক্লাস পরীক্ষা যেগুলো বন্ধ রয়েছে সেগুলো, একাডেমিক কার্যক্রম শিক্ষকরা খুব দ্রুতই চালু করবে। একই সঙ্গে তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধানের জন্য আগামী সিন্ডিকেটে সিন্ধান্ত নেওয়া হবে। খুব শীঘ্রই একটা সিন্ডিকেট সভা ডাকা হবে। সিন্ডিকেটে বিস্তারিত আলাপ আলোচনার মাধ্যমে ডিসিশন নেওয়া হবে।’