জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নারীদের জন্য পৃথক খেলার মাঠের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ১-২ গোলে আর্জেন্টিনা নারী দল জয়ী হয়েছেন।

বুধবার (১ জুলাই) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া ও জুলাই-২৪ জাগরণী হল সংলগ্ন নারীদের জন্য তৈরি এ মাঠের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। জাকসুর আয়োজনে মাঠের উদ্বোধন শেষে নারী খেলোয়াড়দের অংশগ্রহণে ব্রাজিল বনাম আর্জেন্টিনা একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ৩০ মিনিটের এ খেলায় আর্জেন্টিনা একাদশ ২ গোলে জয় লাভ করে। অপরদিকে ব্রাজিল একাদশ ১ টি গোল পরিশোধ করেন।

এর আগে উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ই প্রথম নারীদের জন্য পৃথক খেলার মাঠ তৈরি করেছে। এর ফলে নারীরা আরও খেলাধুলায় আগ্রহী হয়ে উঠবে। তাদের দক্ষতা অর্জনে ভূমিকা রাখবে এই খেলার মাঠ। নারীদের মানসিক দক্ষতা উন্নয়নেও এই খেলার মাঠ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দল ও বিপক্ষ দলের মাঝে মেডেল ও কাপ বিতরণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতু ও ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ, সহ-ক্রীড়া সম্পাদক মাহাদী হাসান এবং লুবনা ইসলাম। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজেশ্যাম বিশ্বাস রাজেশ, জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক বেগম নাসরিন, সহকারী পরিচালক সেলিম উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামসুল আলম সেলিম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নজরুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. আব্দুর রব, প্রক্টর অধ্যাপক ড. একেএম রাশিদুল আলম, অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রকৌশলী আহসান হাবীব, জাবি শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।