বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামী ১৪ সেপ্টেম্বর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপিসহ রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে তাকে।
রোববার (৩০ আগস্ট) দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবুল হাসনাত স্বাক্ষরিত নোটিশে শফিউদ্দিন আহমেদকে নির্ধারিত সময়ে হাজির হয়ে সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে নিজের বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
দুদকের নোটিশে বলা হয়েছে, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
অভিযোগটি অনুসন্ধানের জন্য দুদক দুই সদস্যের একটি দল গঠন করেছে। দলের দলনেতা করা হয়েছে দুদকের পরিচালক মো. আবুল হাসনাতকে। সদস্য হিসেবে রয়েছেন উপপরিচালক মোজাম্মিল হোসেন। অনুসন্ধান শেষে এই দল কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করবে।
জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। তিনি জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। প্রায় তিন বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ২৩ জুন অবসরে যান তিনি।