চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি ও বাংলা চলচ্চিত্রের খলনায়ক হিসেবে পরিচিত অভিনেতা মো. আশরাফুল হক ডনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। আজ রোববার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়।
আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আটক করার পর সিআইডির একটি দল গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। তার বিরুদ্ধে আগে থেকেই নির্দিষ্ট একটি মামলা ছিল।
রমনা থানায় সালমান শাহর মামা আলমগীর কুমকুমের করা হত্যা মামলায় ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়। এই তালিকায় সাবেক স্ত্রী সামিরা হকও রয়েছেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢালিউডের এই তারকার অস্বাভাবিক মৃত্যু ঘটে।
পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই এটিকে পরিকল্পিত হত্যা বলে দাবি করা হচ্ছিল। মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে ২৭টি সিনেমায় অভিনয় করে তুমুল খ্যাতি অর্জন করেছিলেন এই অভিনেতা।