পৃথক তিন মামলায় সাবেক তিন সেনা কর্মকর্তাকে গতকাল সোমবার ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যা মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর ৩ দিনের, ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন খালেদ ৩ দিনের এবং ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছেরকে ফের দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, সাবেক এমপি ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গুলী করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছাত্র-জনতার সঙ্গে ভিকটিম দেলোয়ার হোসেন মিরপুর-১০ নম্বর ফলপট্টিতে অবস্থান নেন। অভিযোগে আরো বলা হয়, এ সময় এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা ৫০০ থেকে ৭০০ জন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের সন্ত্রাসীরা শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও নিপীড়নের জন্য দেশীয় অস্ত্রসহ বিদেশী আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে বিভিন্ন দিক থেকে ছাত্র-জনতার ওপর নির্বিচারে এলোপাতাড়ি গুলী চালায়। এতে ভিকটিম দেলোয়ার হোসেন গুলীবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। পরে ভিকটিম দেলোয়ার হোসেনকে রক্তাক্ত অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে ভিকটিমের অবস্থার অবনতি হলে পরদিন ২০ জুলাই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই ভিকটিম দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই মিরপুর মডেল থানায় ভিকটিম দেলোয়ার হোসেনের স্ত্রী লিজা বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

শেখ মামুন খালেদ:

হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২৪ এর জুলাই আন্দোলনকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গুলী করে হত্যার অভিযোগে করা মামলায় এই রিমান্ড মঞ্জুর করেন আদালত। গতকাল সোমবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৫ মার্চ রাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছাত্র-জনতার সঙ্গে ভিকটিম দেলোয়ার হোসেন মিরপুর-১০ নম্বর ফলপট্টিতে অবস্থান নেন। এ সময় এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা পাঁচ থেকে সাত শতাধিক আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ বিদেশী আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে বিভিন্ন দিক থেকে ছাত্র-জনতার ওপর নির্বিচারে এলোপাতাড়ি গুলী চালায়। এতে দেলোয়ার হোসেন গুলীবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই তিনি মারা যান। এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই দেলোয়ার হোসেনের স্ত্রী লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

আফজাল নাছের:

পরিচালক ও ইউনাইটেড গ্রুপের নির্বাহী পরিচালক (অ্যাডমিন) অবসরপ্রাপ্ত কর্নেল আফজাল নাছের ভূঁইয়াকে দ্বিতীয় দফায় দুদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চারদিনের রিমান্ড শেষে তাকে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন আসামীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৩ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ একই মামলায় তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।