শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা : দুর্নীতির মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জানা গেছে, পিআইও আবুল কালাম আজাদ বর্তমানে শাহজাদপুর উপজেলায় কর্মরত। তার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক সাধনচন্দ্র সূত্রধর মুঠোফোনে জানান, রোববার (৩মে) রাতে পিআইও আবুল কালাম আজাদের পাবনা সদরের নিজ বাসায় অভিযান চালিয়ে আটক করা হয়। আটকের পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।