পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগে ঢুকে কর্তব্যরত ডাক্তারকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছেলে ও বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার ঝিটকিখুড়া এলাকার মো. বেলাল হোসেন ও তার ছেলে নয়ন ইসলাম।
পুলিশ শনিবার (১৮ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে জানায়,গত ১৬ এপ্রিল বিকেলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে জরুরি বিভাগে থাকা জিমি আক্তার নামের এক রোগীর স্বজনেরা আসেন।
সে সময় কর্তব্যরত চিকিৎসক ডা. সঞ্জৎ কুমার রায়ের বিরুদ্ধে ‘ভুল চিকিৎসা’র মিথ্যা অভিযোগ তুলে তার ওপর চড়াও হন রোগীর শ্বশুর বেলাল ও স্বামী নয়ন ইসলাম। একপর্যায়ে তারা ডাক্তারকে লক্ষ্য করে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে শুরু করেন এবং সরকারি কাজে বাধা দেন।
এই ঘটনার প্রেক্ষিতে ১৭ এপ্রিল রাতে পঞ্চগড় সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
মামলা দায়েরের পর পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানার একটি বিশেষ টিম অভিযানে নামে। তথ্য-প্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মাত্র ১৩ ঘণ্টার মধ্যে রংপুরের মেডিকেলের প্রধান ফটকের সামনে থেকে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।