সিরাজগঞ্জ সংবাদদাতা

মানহানির মামলায় কুষ্টিয়ার এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিরাজগঞ্জের একটি আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) চৌহালি উপজেলা আমলি আদালতের বিচারক সুমন কর্মকার এই পরোয়ানা জারি করেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তি করায় আমির হামজার বিরুদ্ধে গত ২ এপ্রিল মানহানির মামলা দায়ের করা হয়। এদিন সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের চৌহালী উপজেলা আমলি আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. হুমায়ন কবির কর্নেল।

পরে বাদীপক্ষের আইনজীবী ও সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. শাকিল শরিফুল হায়দার রফিক সরকার বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। তিনি নিজে বহু মসজিদ, মাদরাসা প্রতিষ্ঠা করার পাশাপাশি ধর্মীয় বিধান মেনে চলেন। কিন্তু আমির হামজা অযাচিতভাবে একটি বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলেছেন, এটি ধর্ম ও আইন বিরুদ্ধ। ফলে সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের চৌহালী উপজেলা আমলি আদালতে দ: বি: ২৯৬/৫০০/৫০৪ ধারায় মানহানির মামলা দায়ের করা হয়েছে। এর আগে একই ঘটনায় সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার একটি মানহানি মামলা দায়ের করা হয়।