বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন আদালতে কর্মরত সাংবাদিকরা। গতকাল রোববার দুপুরে কালো কাপড় পরে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন।
মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এ মানববন্ধনে সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত দায়িত্ব পালনে বাধা দূর করা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান। বক্তারা বলেন, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমই গণতন্ত্রের মূল ভিত্তি। কিন্তু সাম্প্রতিক সময়ে সাংবাদিকরা নানা ধরনের হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন, যা উদ্বেগজনক।
মানববন্ধনে আদালতে প্রবেশাধিকার সীমিত করার বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়। সাংবাদিকরা বলেন, দেশের সর্বোচ্চ আদালতের এজলাসে চার মাস ধরে সাংবাদিকদের প্রবেশ করতে না দেয়ার ঘটনা গণমাধ্যমের কণ্ঠরোধের শামিল এবং এটি গণতন্ত্রের জন্য হুমকি। এ পরিস্থিতির অবসান ঘটিয়ে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সরকার, প্রধান বিচারপতিসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি যেসব সাংবাদিক গ্রেপ্তার রয়েছেন, তারা অন্যায় না করে থাকলে তাদের মুক্তির দাবিও জানান। মানববন্ধন থেকে সতর্ক করে দিয়ে বলা হয়, দ্রুত সাংবাদিকদের প্রবেশাধিকার ও স্বাধীনতা ফিরিয়ে না দেয়া হলে আদালতসংক্রান্ত সংবাদ বর্জনের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন সাংবাদিকরা।