জামিনে কারামুক্তির পরে পুনরায় জেলগেট থেকেই গ্রেপ্তার হয়েছেন জামালপুরের মাদারগঞ্জের আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী। গ্রেপ্তার হওয়া নেতা- কর্মীরা হলেন- মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি শওগত আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকশফিকুল ইসলাম, গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়াম ও পৌর যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম। ৩ মে সন্ধ্যায় জামালপুর জেলা কারাগারের প্রধান ফটক থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা।
জানা যায়, বিএনপির নেতাদের দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে তারা প্রায় এক মাস ধরে জেলা কারাগারে ছিলেন। ৩ মে আদালত থেকে জামিল পাওয়ার পরে জামিনে আদেশ কারাগারে পৌঁছালে তারা মুক্তি পান। তবে কারাগারের প্রধান ফটক থেকে বের হওয়ার পর পরই ডিবি পুলিশ পুনরায় তাদের গ্রেপ্তার করে।