ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী শামীম আহমেদ ওরফে জর্দা শামীম ও তার সঙ্গে থাকা ছোট ভাই আরিফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছয় বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। ৭ মে বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক। এর আগে, বুধবার রাতে রংপুর সদর উপজেলার একটি গ্রাম থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শামীম আহমেদ (৫৫) ও আরিফ হোসেন (৪৫) ঝালকাঠি পৌর শহরের পূর্বকাঠপট্টি এলাকার মৃত শাহাবুদ্দিন মিয়ার ছেলে। তারা ঝালকাঠি জেলার স্থায়ী বাসিন্দা হলেও ব্যবসা ও রাজনৈতিক কারণে রাজধানী ঢাকার উত্তরা এবং কলাবাগানে বসবাস করতেন।
শামীম আহমেদ উত্তর ঢাকা মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি। ২০২৩ সালে তিনি ঝালকাঠি জেলার সর্বোচ্চ ভ্যাটদাতা হয়েছিলেন।
রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (৬ মে) রাতে সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়ার জলঢাকা সড়ক সংলগ্ন শাহী জর্দা কোম্পানি লিমিটেডের অফিসে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। এ সময় অফিস সংলগ্ন শয়নকক্ষ থেকে ছয় বোতল বিদেশি মদসহ শামীম আহমেদ ওরুফে জর্দা শামীম ও আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।