ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা: শেরপুরের ঝিনাইগাতীতে মোবাইল ফোন ছিনতাই মামলায় আমিনুল ইসলাম (৩৫) নামে এক দিনমজুর বিনা বিচারে ৪ মাস ধরে শেরপুর জেলা কারাগারে রয়েছে। আমিনুল ইসলাম, উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদীগ্রাম সীমান্তের গারোকোনা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। স্থানীয়রা জানান, আমিনুল ইসলামের বসবাসের কোন ঘর -,বাড়ি নেই। নেই কোন সহায় সম্বল। ৩ শিশু সন্তানসহ ৫ সদস্যদের পরিবার আমিনুল ইসলামের। দিনমজুরি করে চলতো তার সংসার। কিন্তু শারীরিক সমস্যার কারনে বর্তমানে কোনো কাজ কর্ম করতে পারে না সে। স্থানীয়রা জানান, গারোকোন চৌরাস্তা বাজারে কাচামাল ব্যবসায়ীদের দোকানে দোকানে সারাদিন পানি বিক্রি করে ২ থেকে ৩০০ টাকা আয় হয়। তাই দিয়ে কোনো রকমে খেয়ে না খেয়ে চলে তার সংসার। গত ৮ জানুয়ারি একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সুলতান মিয়া (৪০) একটি মোবাইল ফোন মেরামতের জন্য শেরপুর জেলা সদরে পাঠায় আমিনুল ইসলামকে। আমিনুল ইসলাম মোবাইল ফোনটি একটি মোবাইল ফোনের দোকানে নিয়ে গেলে চোরাই মোবাইল ফোন হিসেবে আমিনুল ইসলাম আটক হয়। পরে শেরপুরের মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে হাসিবুর হাসান নামে শেরপুরের একজন ফোন ব্যবসায়ী বাদি হয়ে আমিনুল ইসলামসহ আরো কয়েক জনের নামে ঝিনাইগাতী থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন।